
কাজী মাহবুবুর রহমান ঃ
বইপত্রে আমরা সরাইখানার গল্প পড়েছি অনেক। পথিক অনেকদূর পথ চলে সরাইখানায় এসে আশ্রয় নেন। সেখানে রাত কাটিয়ে, বিশ্রাম করে আবার পথ চলতে শুরু করেন। এই গল্পগুলি প্রতিটি ভ্রমণপ্রিয় মানুষের মনেই শিহরণ জাগায়। এবং এই গল্পগুলিতে আমাদের বাংলাদেশের মানুষের জন্য রয়েছে এক আদিম আকর্ষণ ও বহুদূরদেশের হাতছানি।
আমাদের অঞ্চলে জন্ম নেয়া একজন ভ্রমণপিপাসু বিদ্বানের নাম সৈয়দ মুজতবা আলী। তার ভ্রমণকাহিনীগুলোতেও আমরা অনেক সরাইখানার গল্প পাই। সরাইখানার রাত। নানা দেশ থেকে আসা নতুন সব মানুষের সঙ্গে পরিচয়। সারারাত সরাইখানার ছাদে আড্ডায় কাটিয়ে দেয়া জীবন। আবার কখনো কখনো দূর্ভাগ্যের ফেরে ডাকাত পড়ল সরাইতে। তাদের নিয়ে আবার এক নতুন গল্প। যতবারই পড়ি, গল্পগুলি আমাদের টেনে নিয়ে যায় সেসব সংকুল পাহাড়ের দেশে।
বাংলাদেশেও এমন একটি সরাইখানা আছে, সেটাও দূর দূরান্ত কোথাও না, একেবারে রাজধানীর অভিজাত এলাকা ধানমণ্ডিতে, এ কথা কি কারো বিশ্বাস হবে? কিন্তু অবিশ্বাস্য মনে হলেও এটা সত্য। ধামমণ্ডিতে এমনই একটি সরাইখানা আছে। বাংলাদেশের প্রখ্যাত ডেভেলপার কোম্পানি আমিন মোহাম্মদ হাউজিং এর পক্ষ থেকে পরিচালিত হচ্ছে এই সরাইখানাটি।
তারা মূলত ঢাকার বাহির থেকে আসা মানুষ যাদের তাৎক্ষণিক যাবার মত কোন আশ্রয় নেই তাদের জন্য এই ব্যবস্থাটি রেখেছেন। এখানে সরাইখানার পক্ষ থেকেই থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এবং এর বাইরেও প্রতিদিন দুপুরে রয়েছে উন্মুক্ত কাঙালীভোজ। সেখানে আশেপাশের নিম্নবিত্ত সর্বপেশার মানুষ ভিড় করে। বাসে যাওয়া আসার সময়ে অতীতে অনেকবার চোখে পড়েছিল। কিন্তু কখনই নেমে দেখা হয়নি।
একদিন আল-নুর চক্ষু হাসপাতাল থেকে বাস না পেয়ে হেঁটে ফিরছিলাম। সময় ছিল একেবারে মধ্যদুপুর। শংকর পার হয়ে একটু সামনে এগুতেই দেখলাম অনেক মানুষ একসঙ্গে রাস্তায় বসে খিচুড়ি খাচ্ছে। আমারও মনে পড়ল আগেও বাসে যেতে যেতে অনেকবার দেখেছি। আমার সঙ্গে থাকা বন্ধুটিকে খেতে বসার প্রস্তাব দিলাম। সে কিছুতেই রাজী হল না। অগত্যা একাই প্লেট নিয়ে রাস্তায় বসে পড়লাম। মুরগির মাংসের খিচুড়ি। খুব বেশি কিছু না হলেও ভালই মানসম্মত।
খেতে খেতে অনুভব করলাম, আমাদের কাছে এ এক গল্প হলেও কোনো কোনো মানুষের কাছে এ হচ্ছে এক বেলা ক্ষুধার অন্ন। প্রথমদিনেই জায়গাটার প্রতি এক প্রকৃতির নির্ভেজাল ভালবাসা জন্মে গেছে। এরপর থেকে মাঝে মাঝেই কারণে অকারণে যাই। মন খারাপ কিংবা ভালোর সময়ে। রাস্তায় পা ছড়িয়ে বসে তৃপ্তি নিয়ে খিচুড়ি খেয়ে আসি।
