এসএসসি জুনে, এইচএসসি আগস্টে নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত

ফাতেহ ডেস্ক:

চলতি বছরের এসএসসি-সমমান পরীক্ষা আগামী জুনের মাঝামাঝি এবং এইচএসসি-সমমান পরীক্ষা আগস্টের মাঝামাঝি আয়োজন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর (২০২২ সালে) এসএসসি তিনটি ও এইচএসসিতে দুটি বিষয়ের পরীক্ষা থাকছে না। এছাড়া বিজ্ঞান বিভোগে ৪৫ নম্বর এবং বাণিজ্য ও মানবিকে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সময় ২ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের জরুরি এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, চলতি বছরেও এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা থাকছে না। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসিতে আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং এইচএসসিতে আইসিটি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এবছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল ৮টি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে ১০ করে ৩০ নম্বরের উত্তর দিতে হবে। এছাড়া নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে ১৫টির, মোট নম্বর ১৫।

মানবিক ও বাণিজ্য বিভাগে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে ১১টি সৃজনশীল প্রশ্নের ৪টির উত্তর দিতে হবে। প্রতিটিতে ১০ করে অর্থাৎ ৪০ নম্বরের উত্তর দিতে হবে। এছাড়া ১৫ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। শুরুতে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে, এরপর সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। সব মিলিয়ে পরীক্ষার সময় দুই ঘণ্টা করে নির্ধারণ করা হয়েছে।

আগের সংবাদশপথের আলোকে যেন কাজ করতে পারি: নতুন সিইসি
পরবর্তি সংবাদইরাকে হিজাব উৎসব অনুষ্ঠিত