
ফাতেহ ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁওয়ে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দু’পক্ষের মারামারিতে গুরুতর আহত আনসার সদস্য মো. জলিল মিয়ার মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার জুমার নামাজের পরে পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মশাখালী মধ্যপাড়া বায়তুল ফালা জামে মসজিদে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজুল হক বাদী হয়ে মঙ্গলবার রাতে পাগলা থানায় একটি মামলা করেন।
নিহতের স্ত্রী মানসুরা আক্তার জানান, আবদুল আওয়াল ও তার ছেলেরা মিলে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। নিহতের বড় ভাই আজিজুল হক বলেন, বিনা কারণে আওয়াল ও তার ছেলেরা আমার ভাইকে কুপিয়ে ভাইয়ের হত্যা করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার চাই।
ঘটনায় অভিযুক্ত ফারুক মণ্ডলের মোবাইল ফোনে একাধিকবার কল করেও বক্তব্য পাওয়া যায়নি।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
