ইবির ফার্মেসি বিভাগে শিক্ষক সংকট

ফাতেহ ডেস্ক:

শিক্ষক, শ্রেণিকক্ষ, ল্যাব, ল্যাব সহকারী, অফিস কর্মকর্তা-কর্মচারীসহ নানা সংকটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগ। সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিক্ষক সংকট। খাতা কলমে ওই বিভাগে চার শিক্ষক থাকলেও বর্তমানে রয়েছেন দুজন। অফিস সহকারী বা কর্মকর্তা-কর্মচারী বলতে রয়েছেন মাত্র একজন কর্মকর্তা। তিনিও এসেছেন এক মাস আগে। এসব সংকট সমাধানে বিভাগের পক্ষ থেকে বারবার প্রশাসনের কাছে আবেদন পাঠানো হলেও তা সুরাহ হচ্ছে না। এ অবস্থায় দ্রুত দক্ষ শিক্ষক নিয়োগ ও সংকট সমাধানের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিভাগীয় সূত্র জানায়, ২০১৭ সালে চালু হয়ে ওই শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিভাগটিতে চারটি ব্যাচে ২০০ শিক্ষার্থী রয়েছেন। শিগগিরই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমও শুরু হবে। বিভাগটিতে নেই শিক্ষার্থীদের পাঠদানের মতো সুষ্ঠু-স্বাভাবিক পরিবেশ। তিনটি শ্রেণিকক্ষের একটিতে ২৪টি চেয়ার টেবিল রয়েছে। তাই বাধ্য হয়ে বিছানা বিছিয়ে ফ্লোরেই ক্লাস করেন শিক্ষার্থীরা। বিভাগটিতে ল্যাব থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রাংশ এনে গবেষণা কার্যক্রম চালাতে হচ্ছে। ল্যাব অবকাঠামো উন্নয়নে নিুমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ল্যাবটির কাজও স্থগিত রয়েছে।

অর্গানোগ্রাম অনুযায়ী বিভাগে ১০ জন শিক্ষক নিয়োগের বিষয়ে উল্লেখ আছে। ২০১৮ সালে চারজন নিয়োগ পান। তারা হলেন সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার, মো. মাসুদ রানা, মো. শরিফুল ইসলাম ও মিলন কুমার ঘোষ। এর মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে মাসুদ রানা ও শরিফুল ইসলাম জাপানে পিএইচডি করতে চলে গেছেন। ক্লাস পরীক্ষা স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ১৩ জন শিক্ষক ধার করে পাঠদান অব্যাহত রেখেছে বিভাগটি। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফলিত প্রযুক্তি ও কেমিকৌশল বিভাগ দুটি থেকে অধিকাংশ শিক্ষক নিয়ে তাদের পাঠদান চলছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ এসব শিক্ষকের ক্লাসের পাঠদান তারা যথাযথভাবে বুঝতে পারছেন না।

শনিবার শিক্ষার্থীরা বিষয়টি সমাধান না হওয়া ও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিভাগে তালা দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

 

আগের সংবাদবাংলাদেশে গুমের অভিযোগ বেড়েছে
পরবর্তি সংবাদ‘পরীক্ষা নিয়ন্ত্রক নাকি অভিভাবক প্রতিষ্ঠান’ : হাইয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন অনেক