
ইফতেখার জামিল ঃ
কেউ কেউ দেখলাম, ছাত্রদের ভাষার ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা করছেন, আমার কাছে মনে হয়, এতে দ্বিমত করার সুযোগ আছে। গালি ও ‘মন্দ’ ভাষার ব্যবহার সীমিত হোক, এটা আমরা সবাই চাই, তবে আমরা যে বাস্তবতার মধ্যে বাস করি, তাতে সবসময় ‘ভদ্র’ ভাষা দিয়ে ভাব প্রকাশ করা যায়না। তাই ‘মন্দ’ ভাষার আশ্রয় নিতে হয়।
নবীজি অত্যন্ত ভদ্রভাষী ছিলেন। সাহাবায়ে কেরামকেও ভদ্র ভাষায় কথা বলতে প্রণোদিত করেছেন। তবে সাহাবায়ে কেরাম বিশেষ কিছু পরিস্থিতিতে ‘মন্দ’ ভাষা ব্যবহার করেছেন। হুদাইবিয়ার সন্ধির সময় আবু বকর সিদ্দিক রাঃ এর মতো শান্ত,ভদ্র ও সম্ভ্রান্ত সাহাবীও হুমকি দিতে ‘মন্দ’ ভাষা ব্যবহার করেছেন। তিনি বলেন, যা, তোর * * * * পর্দা চোষ’ বেশ শক্ত ভাষাই ব্যবহার করেছেন।
এ হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার রাহঃ বলেন, এই হাদিসের মাধ্যমে বুঝা যায়, উপযুক্ত ব্যক্তিকে তিরস্কার করতে ‘মন্দ’ ভাষা ব্যবহার করা বৈধ। ( ফাতহুল বারী ৫/ ৩৪০ ) ইবনুল কাইয়িম রাহঃ বলেন, এই হাদিসের মাধ্যমে বুঝা যায়, বিশেষ মাসলাহাত-প্রয়োজন অনুযায়ী মানুষের লজ্জাজনক বিষয় বলা যাবে। কেননা পরিস্থিতি ভিন্ন ভিন্ন বক্তব্য দাবী করে। ( যাদুল মাআদ ৩/৩০৫)
তবে এখানে লক্ষণীয় যে, এগুলো বিশেষ পরিস্থিতির সাথে সংশ্লিষ্ট। সাধারণ পরিস্থিতিতে এগুলো পরিহার করা জরুরী। ছাত্রদেরকে আবার কেউ কেউ গালি-মন্দ ভাষা ব্যবহার করতে উস্কে দিচ্ছেন। এর কোন ভালো ফলাফল নেই। প্রয়োজনহীন কোন কিছু হলে তার প্রতিক্রিয়াও থাকে। একদিন দেখবেন, এই ছেলেটাই প্রয়জনহিন আপনাকে গালি দিয়ে বসছে, তখন কি আপনার খারাপ লাগবেনা?
আর যারা গালি ও মন্দ ভাষা ব্যবহারের ব্যাপক সমালোচনা করছেন। তারা জেনে রাখবেন, অনেক ক্ষেত্রে মন্দ ভাষা ব্যবহার করা জরুরী। মিউ মিউ শব্দ ও ভাষা দিয়ে আপনি সামাজিক জুলুমকে লজ্জিত করতে পারবেন না। অথচ জুলুমের প্রতিরোধের ক্ষেত্রে লজ্জা দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়।
