জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

ফাতেহ ডেস্ক:

আজ শনিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস। চলতি বছরদিবসটির মূল প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি।’ প্রতিপাদ্য ঠিক করলেও সড়ক পরিবহন আইনের দুর্বল দিক চিহ্নিত করে বিধিমালা বাস্তবায়ন নেই। ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ‘নিরাপদ সড়ক চাই’ শীর্ষক ওই আন্দোলন আরও গতি পেয়েছিল ২০১১ সালে ১৩ অগাস্ট সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরের মৃত্যুতে। এরপর ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার এক বৈঠকে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

২০১৮ সালে ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে দুই কলেজ শিক্ষার্থী বাসের ধাক্কায় মারা যাওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল দেশ। তখন সড়কে মৃত্যুর মিছিল ঠেকাতে আইন কঠোর করার পাশাপাশি নানান আশ্বাস দিয়ে ঘরে ফেরানো গেলেও আদতে পরের বছরগুলোতেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সূত্রে জানা যায়, ২০২১ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫ হাজার ৩৭১টি। এসব দুর্ঘটনায় নিহত হন ৬ হাজার ২৮৪ জন এবং আহত হন ৭ হাজার ৪৬৮ জন। নিহতদের মধ্যে ৮০৩ জন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। ২০২০ সালে মোট সড়ক দুর্ঘটনা ঘটে ৪ হাজার ৯২টি। এতে নিহত হন ৪ হাজার ৯৬৯ জন ও আহত হন ৫ হাজার ৮৫ জন। ২০১৯ সালে ৪ হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় নিহত হন ৬ হাজার ৯৫৩ জন ও আহত হন ৫ হাজার ২২৭ জন। ২০১৮ সালে ৩ হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হন ৭ হাজার ৪২৫ জন ও আহত হন ৪ হাজার ৪৩৯ জন। ২০১৭ সালে মোট সড়ক দুর্ঘটনা ঘটে ৩ হাজার ৩৪৯টি। এতে নিহত হন ৭ হাজার ৯০৮ জন ও আহত হন ৫ হাজার ৬৪৫ জন।

সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার জন্য গাড়ি ও চালকের অনুপাতের ব্যবধান বেড়ে যাওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ৫৪ লাখ ৬৬ হাজার ৯৫৪টি। তার মধ্যে বাসের সংখ্যা ৫১ হাজার ৩৩৯টি। নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে ৩৮ লাখ ৯৭ হাজার ৩১টি। এসব গাড়ির বিপরীতে চালকের লাইসেন্স প্রায় ৩০ লাখ। ফলে অনেক গাড়ি লাইসেন্সবিহীন অদক্ষ চালক চালাচ্ছে বলে তা দুর্ঘটনায় ভূমিকা রাখছে।

আগের সংবাদকাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি: পটিয়ায় খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তি সংবাদবেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় গোমাংস নিয়ে প্রশ্ন থাকায় ছাত্র বিক্ষোভ