প্রচণ্ড দাবদাহ: বৃষ্টি চেয়ে দিনাজপুরে ইসতিসকা নামাজ আদায়

ফাতেহ ডেস্ক:

প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন দিনাজপুরবাসী। সোমবার (৫ জুন) সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের ঈদগাহ মাঠে প্রায় দুই ঘণ্টা ধরে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এই নামাজের ইমামতি করেন সদর উপজেলার বরইল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম। প্রচণ্ড রোদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই নামাজে অংশ নেন এলাকার বিভিন্ন বয়সী তিন শতাধিক মানুষ।

মুসল্লি ও স্থানীয়রা জানান, নামাজ শেষে প্রায় আধা ঘণ্টা ধরে রহমতের বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। উল্টো হাতে এই মোনাজাত করা হয়। এর মানে হলো- এখন দেশে যে অবস্থা বিরাজ করছে আল্লাহ যেন সে অবস্থা পরিবর্তন করে দেন। দেশজুড়ে যে দাবদাহ ও গরম পড়েছে তা যেন কমিয়ে দেন। আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাজিল করেন।

মুসল্লিরা আরও বলেন, আল্লাহ আমাদের ওপর নারাজ হয়েছে। আমাদের পর অসন্তুষ্ট হয়েছেন। আমরা গুনাফ করেছি, কিন্তু সেই গুনাহের কারণে পশু পাখিরাও কষ্ট পাচ্ছেন। তাই আমরা আজ ইসতিসকার নামাজ আদায় করে আল্লাহ কাছে ক্ষমা চেয়েছি।

এদিকে গতকাল রোববার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৫৮ সালের জুন মাসে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আগের সংবাদহিজাব ইস্যুতে ঢাবি উপাচার্যের প্রতি ‘অনাস্থা’ জানিয়ে প্রতিবাদ
পরবর্তি সংবাদএই মুহূর্তের বড় সমস্যা মূল্যস্ফীতি এবং বিদ্যুৎ: প্রধানমন্ত্রী