
ফাতেহ ডেস্ক:
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা শনিবার (১০ জুন) মধ্যরাত থেকে শেষ হচ্ছে। আগামীকাল রোববার কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। আগামী সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচন শান্তিপূর্ণ করতে মধ্যরাত থেকেই যান চলাচলে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি মহানগরী এলাকায় বহিরাগত থাকতে পারবেন না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা গণমাধ্যমকে বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আজ মধ্যরাতে প্রচার-প্রচারণা শেষ হবে। প্রচারণা শেষ হওয়ার পর বহিরাগত কেউ নির্বাচনী এলাকায় থাকতে পারবে না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ২৬ মে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু হয়। প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় খুলনা মহানগরীতে।
কেসিসি নির্বাচনে মেয়র পদে ৫ জন, ২৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের ২ জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। ২৮৯টি ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি বুথে তারা ইভিএমে ভোট দেবেন।
