
ফাতেহ ডেস্ক:
হজ করতে মক্কায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৩ জুন) তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সৌদি আরবের রাজকীয় অতিথি হিসেবে তিনি এই হজ পালন করবেন।
আজ বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, হজ পালন করতে শুক্রবার বিকেলে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন রাষ্ট্রপতি। দুপুর আড়াইটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন তিনি। এ সময় তার সঙ্গে স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীরা থাকবেন।
প্রেস সচিব আরও বলেন, বিমানটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেদ্দায় অবতরণের কথা রয়েছে। সৌদি আরবে পৌঁছার পর আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন রাষ্ট্রপতি। হজ পালনের পর ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর মাজার জিয়ারতের জন্য মদিনায় যাবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
১০ দিনের সফর শেষে ২ জুলাই আবার দেশে ফিরে আসবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
