‘শিগগিরই নির্বাচনকালীন সরকারের রূপরেখা উপস্থাপন করবে বিএনপি’

ফাতেহ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে শিগগিরই জাতির সামনে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা উপস্থাপন করবে বিএনপি।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার নিয়ে আরও সুস্পষ্টভাবে কথা বলবো। নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেওয়ার জন্য আমরা সকলের সঙ্গে আলোচনা করছি। দেশে যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন বা আইনজীবী আছেন, তারা তাদের মতো করে মতামতগুলো দেবেন।

‘সেখান থেকে একটা ভালো জিনিস বের হয়ে আসবে। তবে আমরা বিশ্বাস করি, জনগণ যা চাইবে নিবার্চকালীন সরকারের রূপরেখার মধ্যে তাদের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে’।

এ সময় মির্জা ফখরুল বলেন, আমরা এখনো বলছি, তাদের শুভবুদ্ধির উদয় হোক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা করা হোক।

তবে নির্বাচনের আগে তাদের পদত্যাগ করতে হবে। এটা খুবই জরুরি। কারণ এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে কোনো ভাবেই দেশে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে না।

আগের সংবাদজাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
পরবর্তি সংবাদ২০ ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা