‘তথ্য ফাঁসে কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না’

ফাতেহ ডেস্ক:

এনআইডি সার্ভার থেকে তথ্য ফাঁস ঘটনার বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় কেউ যদি জড়িত থাকে তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে নিরাপত্তা বিষয়ক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইডি আমাদের অধীনে এলেও আমরা এখনো তার কার্যক্রম শুরু করিনি। বর্তমানে তা নির্বাচন কমিশনের হাতে রয়েছে। আইনি জটিলতা শেষ করে আমরা হাতে নিয়ে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে চাই। তবে এই ফাঁস হওয়ার ঘটনার কথা আমরা শুনেছি, বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারব। এ মুহূর্তে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আগে আমাকে শনাক্ত করতে হবে যে ঘটনাটা কী ঘটেছে। কতখানি ফাঁস হয়েছে, সেগুলো তো আমাদের অবশ্যই জানতে হবে। তারপর যদি দেখি, কেউ এটা করেছে বা সহায়তা করেছে, তাহলে অবশ্যই আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন, আগস্ট মাসে সবসময়ই চক্রান্তকারীরা তৎপর থাকে। তাণ্ডব চালানোর জন্য এটা তাদের প্রিয় মাস। যারা আন্দোলনের কথা বলছেন, তাদের জনগণ সব দিক থেকেই প্রত্যাখ্যান করছে। কাজেই তাদের কোনো আন্দোলনই সফল হবে না। তবে তারা ধ্বংসাত্মক কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ১৫ আগস্ট দেখেছি। বঙ্গবন্ধুর শাহাদাৎ বরণ করার দৃশ্যটাও আপনারা দেখেছেন। ২১ আগস্ট আমাদের প্রধানমন্ত্রীকে বোমায় উড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। ৬৩ জেলায় বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কাজেই আগস্ট মাস তাদের প্রিয় মাস। সবসময় তারা এই আগস্ট মাসকেই বেছে নেয়। এক দফার আন্দোলনের নামে আমার মনে হয় সে ধরনের ইঙ্গিত তারা দিচ্ছে কি না—তারাই জানেন।

আন্দোলনের নামে তারা যদি ধ্বংসাত্মক কার্যকলাপ করে, হত্যার পরিকল্পনা করে, সেগুলো অবশ্যই নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

আগের সংবাদনেপালের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ চুক্তি করছে বাংলাদেশ
পরবর্তি সংবাদকোরআন অবমাননা: সুইডেনের পণ্য আমদানিতে হুথিদের নিষেধাজ্ঞা