
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ হয়ে গেলেও নতুন রাজনৈতিক দল গঠন করে আসন্ন নির্বাচনে অংশ নেবেন ইমরান খান। আর নির্বাচনে জনগণের সমর্থনে তার দল জয় লাভ করবে, এমনটাই প্রতিজ্ঞা করেছেন সাবেক প্রধানমন্ত্রী।
শুক্রবার (১৪ জুলাই) নিক্কেই এশিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ডন।
গত ৯ মে ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংস বিক্ষোভ করে পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা। এরই জের ধরে অনেক সরকারি কর্মকর্তা দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, ‘পিটিআইকে নিষিদ্ধ করাই একমাত্র সমাধান।’ অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, ‘পিটিআইকে নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’ এছাড়াও পিপিপি চেয়ারম্যান এবং পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, ‘পিটিআইয়ের নিষেধাজ্ঞা বিষয়ে তার দল কোনও বাধা দিবে না।’
যদি পিটিআই নিষিদ্ধ হয়ে যায় তাহলে পাকিস্তানের আসন্ন নির্বাচনে কোনও প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে ইমরান খান নিক্কেই এশিয়াকে বলেন, তারা যদি পিটিআইকে সরিয়েও ফেলে, তাহলে আমরা নতুন দল তৈরি করে নির্বাচনে অংশ নেবো এবং জয়লাভ করবো।
তিনি আরও বলেন, যদি তারা আমাকে অযোগ্য ঘোষণা করে এবং জেলে বন্দি করে তারপরও আমার দল জিতবে।
ইমরান খানের দাবি, জাতীয় রাজনীতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে, তবে তার সমর্থকদের ভিত্তি এখনও অক্ষত রয়েছে।
পিটিআই থেকে শীর্ষস্থানীয় নেতাদের পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে সাবেক এই প্রধামন্ত্রী বলেন, সরকার ভয় দেখিয়ে আমার দল ভাঙার চেষ্টা করছে। তবে জনগণের সমর্থন থাকলে শক্তি প্রয়োগ করে একটি রাজনৈতিক দলকে থামানো যাবে না।
তিনি আরও বলেন, যদি সরকার দলের প্রার্থীদের নির্বাচনে প্রার্থিতা করতে বাধা দেয়, তাহলে সাধারণ নির্বাচন ‘সম্পূর্ণভাবে অসম্মানিত’ হবে। আর এ ধরনের পদক্ষেপ নির্বাচনকে ব্যর্থ করবে এবং পরবর্তীতে দেশে আরও অস্থিতিশীলতা সৃষ্টি হবে।
