
কাজী মাহবুবুর রহমান ঃ
ঢাকার দুইটি চিরচেনা পুরনো সমস্যা হল, অনিয়ন্ত্রিত ফুটপাথ বাণিজ্য আর বস্তি। এই দুটি সমস্যাই ঢাকার ভাবমূর্তি নষ্ট করে দিতে সক্ষম। মূলত জনসংখ্যা যেভাবে বেড়েছে, সেই তুলনায় কর্মসংস্থান ও বাসস্থান না থাকার কারণেই এই দূর্ভোগের সৃষ্টি হয়েছে। ঢাকার কিছু কিছু অঞ্চলের অবস্থা এমন, যে ফুটপাথ সাধারণ পথচারীদের হাটার জন্য কি না তা ভাবতেও বিব্রত লাগে। ফুটপাথের এই অবস্থার ফলে দুর্ঘটনার ঝুকি বাড়ছে ক্রমাগত।
ফুটপাথের ব্যবসাটা যতটা ব্যবসায়ীদের, তার চেয়েও বেশী রাজনৈতিক দলগুলির নেতাদের। ফুটপাথের ব্যবসায়ীদের তারা বিভিন্ন জায়গায় দোকান বসানোর অনুমতি দেন। যেটা দেয়ার কোন অধিকার নেই তাদের। এই অনুমতির জন্যই তারা প্রত্যেক ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া আদায়ের মত অবৈধ চাঁদা তুলে নেন।
নেতাদের পাশাপাশি আছে প্রশাসনের দুর্নীতি। সরকারী ভাবে ফুটপাথে দোকান বসানোর কোন বৈধতা কারো জন্যই নেই। কিন্তু সারাদেশে কে না জানে ফুটপাথ বাণিজ্যের কথা। আমরাই তো তাদের গ্রাহক। মাঝে মাঝে পুলিশ উদ্যোগও গ্রহণ করে। এবং পুলিশ অভিযান শেষ করে যাওয়ার পরপরই আবারো আগের মত অবস্থা হয়ে যায়। সেই ফুটপাথ বন্ধ, মানুষ চলাচলে বিঘ্নতা _ সব বহাল থাকে। এও পরিস্কার হয়ে যায়, কেন প্রশাসনের এই মহড়া।
বস্তির কথা বলছিলাম, এখানে বসবাসরত মানুষের জীবনযাপন অত্যন্ত মানবেতর। কার্যত তারা নাগরিক সুবিধাগুলি পুরাপুরি পাচ্ছে না। সীমিত নোংরা জায়গা ও গ্যাস- পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিকল্প তৈরি করতে গিয়ে দিন দিন পরিবেশের অবনতি ঘটছেই। বস্তিও কখনো ফুটপাথের মত হয়ে যায়। পুলিশের তুলে দেয়ার আল্টিমেটাম দেয়, আবার টাকাপয়সার বিনিময়ে তা রফা হয়। যুগ যুগ ধরে চলে আসা এসব নোংরা সিস্টেমকে কেউ খতিয়ে দেখেননি।
দেখার আশ্বাস দিয়ে কার্যকরী ভুমিকায় মাঠে নেমেছিলেন ঢাকা উত্তরের সাবেক মেয়র মরহুম আনিসুল হক। স্বপ্ন পুরা করে যেতে পারেননি। আমরা চাই কেউ একজন আবার শুরু করুক। নির্বিচারে দণ্ডের মুখে সবাইকে পালাতে বাধ্য করে নয়। মানুষের অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করে।
