আফগানিস্তান-পাকিস্তান উজবেকিস্তান রেল যোগাযোগ স্থাপনে চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের মাধ্যমে উজবেকিস্তান ও পাকিস্তান রেলওয়েকে সংযুক্ত করে রেল যোগাযোগ স্থাপন করা হবে। মঙ্গলবার (১৮ জুলাই) পাকিস্তান, উজবেকিস্তান এবং আফগানিস্তান তিন দেশকে সংযুক্ত করার জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।

ট্রান্স-আফগান প্রকল্পের যৌথ প্রটোকলের লক্ষ্য আফগানিস্তানের মাধ্যমে উজবেকিস্তান এবং পাকিস্তানের রেলওয়ে নেটওয়ার্ককে সংযুক্ত করা। এ লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিনটি দেশের উচ্চপদস্থ রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে‌।

এক টুইট বার্তায় অন্তর্বর্তী তালেবান প্রশাসন পরিচালিত আফগানিস্তানের রেলওয়ে কর্তৃপক্ষ রেল যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে।

পরিকল্পনা অনুযায়ী, রেলপথটি উজবেকিস্তানের তারমিজ অঞ্চল, আফগানিস্তানের মাজার-ই-শরিফ এবং লোগার প্রদেশের মধ্য দিয়ে যাবে। আফগান সীমান্তের কাছে কুররাম উপজাতীয় জেলার খারলাচি সীমান্ত ক্রসিং হয়ে পাকিস্তানে শেষ হবে।

এই লাইনটি যাত্রী ও মালবাহী উভয় পরিষেবাকে সহজতর করবে এবং আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখবে। প্রকল্পটি ২০২৭ সালের শেষ নাগাদ সমাপ্ত হওয়ার কথা রয়েছে। ট্রেনগুলো ২০৩০ সালের মধ্যে বছরে ১৫ মিলিয়ন টন পণ্য পরিবহন করতে পারবে।

আগের সংবাদনতুন গিলাফে মোড়ানো হলো কাবা শরিফ
পরবর্তি সংবাদ‘ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ হলে দেশে রোগী হতো ২০-৩০ লাখ’