ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন মামলার অভিযোগ গঠন কেন বাতিল নয়: হাইকোর্ট

ফাতেহ ডেস্ক:

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন মামলার অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৩ জুলাই) বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের দ্বৈত বেঞ্চ এই শুনানির দিন নির্ধারণ করেন। এ সময়, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। এ সময় আদালত দুই সপ্তাহ পর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।রাষ্ট্রপক্ষ এবং কলকারখানা অধিদফতরের মহাপরিদর্শককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গেল ২১ জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে আবেদন করেন ড. ইউনূসসহ চারজন । অপর তিন আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের এক শ্রম পরিদর্শক। ৬ জুন এই মামলায় ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক।

আগের সংবাদবিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তি সংবাদপরীক্ষা নয়, শিক্ষার্থীদের আনন্দ চিত্তে শিখতে দিন : শিক্ষামন্ত্রী