
ফাতেহ ডেস্ক:
কোনো রাজনৈতিক দলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে নয়, গণতন্ত্রের পক্ষে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, আওয়ামী লীগ, অন্যান্য দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। সবাইকে মার্কিন নীতির কথা বলা হয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচনের কথা বলছি। আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বলেছি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে এবং তা প্রত্যাশা করে। এ লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করা হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলছে।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় দেড় ঘণ্টা আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
