
নুরুল কবির আরমান।।
হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামাতা, চট্টগ্রাম ফটিকছড়ির শাহনগর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল আলম শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে শাহানগরস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ২ছেলে ৩মেয়ের সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন যাবত চট্টগ্রাম ওয়াহেদিয়া মাদ্রাসায় এবং পরবর্তীতে জামিয়া বাবুনগরের শিক্ষকতা করেছেন। শেষ জীবনে শাহনগর ইসলামিয়া মাদরাসার পরিচালকের দায়িত্ব পালন করেন। তার হাতে গড়া হাজার হাজার ছাত্র দেশ-বিদেশে ইসলামের খেদমতে নিয়োজিত আছেন।
শনিবার (২৬ আগস্ট) দুপুর ২টায় শাহনগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন আমির হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আল্লামা মুহিব্বুলাহ বাবুনগরীর ছোট ছেলে মাওলানা মুফতি মইনুদ্দীন এসব তথ্য নিশ্চিত করেন।
জানাজায় বাবুনগর মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা হারুন আজিজী নদভী, মাওলানা মুফতি রহিম উল্লাহ, মুফতি মঈন উদ্দিন, মুফতি ইকবাল আজিমপুরী, মুফতি ইকরাম পাঠকনগরী, মাওলানা ফরিদুল আলম আমিনী, হাটহাজারী মইনুল ইসলাম মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ মাহবুবুল আলম, মাওলানা নোমান আজহারী, নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান কাসেমী, ঢাকা খিলগাঁও মাদরাসার মহাপরিচালক মাওলানা হাফেজ জহুরুল ইসলাম, কাজিরহাট মাদরাসার মুহতামিম মাওলানা জুনাইদ, আমতলী মাদরাসার মুহতামিম মুফতি খালেদ, শাহনগর তাজ্ববিদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা ওসমান, বায়তুল হুদা মাদরাসার মুহতামিম মাওলানা এমদাদুল্লাহ নানুপুরীসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি এবং হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।
