পশ্চিমতীর ও গাজাকে নিজেদের দাবি করে ইসরায়েলের নতুন মানচিত্র প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক:

এবার অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকা ইসরায়েলের অংশ দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় এ মানচিত্রটি উপস্থাপন করেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় মধ্যপ্রাচ্যের দুটি মানচিত্র দেখান নেতানিয়াহু। প্রথমটি ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির বছর ১৯৪৮ সালের। আর পরেরটিকে তিনি আখ্যা দেন নব্য মধ্যপ্রাচ্য নামে। সেখানে অধিকৃত পশ্চিমতীর ও গাজা উপত্যকাকে ইসরায়েলের অংশ দাবি করা হয়। এরপরপরই এ নিয়ে তীব্র প্রতিবাদ জানায় ফিলিস্তিনি।

অন্যদিকে গত বুধবার ( ২০ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নেতানিয়াহু ও বাইডেন সাইডলাইন বৈঠক করেন। বৈঠকে বৈরিতা ভুলে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের সম্ভাব্য একটি চুক্তি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে ইসরায়েল-ফিলিস্তিনের বিরোধ মেটাতে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিও সমর্থন দেন তিনি।

এসময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক শান্তি প্রতিষ্ঠা হতে পারে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর পরপরই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজও জানান ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে দূরত্ব কমিয়ে আনছেন তারা। যদিও রিয়াদ-তেল আবিব সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে ফিলিস্তিন ইস্যু গুরুত্ব পাবে বলে জানান তিনি।

আগের সংবাদনির্বাচন বাধাগ্রস্ত করতে বিদেশি হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদনিউইয়র্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাতে স্প্যানিশ নাগরিকের ইসলাম গ্রহণ