
ইমরান চৌধুরী ঃ
পরশু সন্ধ্যায় ইন্টারনেট সংযোগ কাটার পর একটি বড়সড় ঘটনা ঘটেছে। রাত এগারোটার দিকে ঢাকার মোহাম্মদপুরে পশ্চিমা অক্ষের নিকটবর্তী বুদ্ধিজীবী বদিউল আলম মজুমদারের বাসায় একদল লোক হামলা করে। ওই সময় সেখানে একটি নৈশভোজ চলছিলো, যাতে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট, কামাল হোসেন, হাফিজ উদ্দীন খান সহ কয়েকজন গণ্যমাণ্য উপস্থিত ছিলেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিবৃতি অনুযায়ী মোটর সাইকেল আরোহী একদল ‘সশস্ত্র’ লোক বাড়ী থেকে বের হবার সময় বার্নিকাটের গাড়ী বহরে হামলা করে। এতে রাষ্ট্রদূতের নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল এজেন্টদের দুটি গাড়ী সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ এই ঘটনার জন্য পরোক্ষভাবে আক্রান্তদের দায়ী করে বলে, নিয়ম মাফিক রাষ্ট্রদূতের সেখানে যাবার কর্মসূচী জানানোর কথা থাকলেও তাদের আগে থেকে জানানো হয়নি।
এই ঘটনার রেশ না কাটতেই, জাতিসংঘের পক্ষ থেকে যে বিবৃতি জারী করা হয়, তাতে খোলাখুলি ভাষায়ই চলমান আন্দোলনের প্রতি জাতিসংঘের সমর্থন ঘোষণা করা হয়। একই রকমের বিবৃতি মার্কিন দূতাবাস থেকেও এসেছে। মোটামুটি এছাড়া দূতাবাস পাড়া এখনো পর্যন্ত মুখ খোলেনি।
ফলে কিশোর আন্দোলনের বিষয়ে আন্তর্জাতিক মহল, বিশেষ করে পশ্চিমাদের অবস্থান এখনো ঢাকঢাক গুড়গুড় অবস্থাতেই আছে, যদিও আন্দোলনের প্রতি পশ্চিমের সমর্থন রয়েছে- এমন প্রচ্ছন্ন বার্তা লুকানোর কোন চেষ্টাই করা হয়নি।
তবে যথেষ্ট জলদি জাতিসংঘের বিবৃতি প্রকাশ তাৎপর্যপূর্ণ। এখানে আরেকটা প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে, আন্দোলনের বিবাদী পক্ষ, তথা পরিবহণ শ্রমিকদের ব্যাপারে জাতিসংঘ বা মার্কিন দূতাবাস তেমন কোন বার্তাই খরচ করেনি। অথচ তারা এক্ষেত্রে বরাবরই বিবৃতি দানের সময় মধ্যপন্থা অবলম্বন করে থাকে। ছাত্ররা সড়ক দুর্ঘটনায় জড়িত পরিবহণ শ্রমিকের সর্বোচ্চ সাজা ফাঁসি চাইছে। জাতিসংঘ ও পশ্চিম বরাবরই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জোরালো অবস্থানে থাকে। অথচ এখনো পর্যন্ত এই বিষয়ে তারা কোন কথা বলেনি। তারা ছাত্রদেরকেই সমর্থন করার ঘোষণা করেছে।
আপাতত এটাই চলতি ওয়াকেয়ার প্রাথমিক তাবসেরা…!
