
কাজী মাহবুবুর রহমান ঃ
জন্মভূমির প্রতি সবাই একটা আদি টান অনুভব করে। হাদিস শরীফে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ত্যাগ করে মদীনার দিকে হিজরত করার সময়ের করুণ আখ্যান বর্ণিত আছে। তিনি মদীনার দিকে পথ চলতে চলতে বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন। জন্মভূমির প্রতি এই টান সকলেরই থাকে। তবে যারা জন্মভূমি থেকে দূরে থাকে তারাই এটা বেশী অনূভব করে এবং ঘরে ফেরার আনন্দ তাদেরই বেশী হয়।
ছোটবেলা থেকেই পড়ালেখার সুবাদে আমাকে বাড়ির বাইরে থাকতে হয়। শুরু হয়েছিল আমাদের পার্শ্ববর্তী থানার হিফজখানা দিয়ে। সেটাও ছিল প্রায় ৩০ কিলোমিটার দূরে। প্রথমবারের মত বাড়ির বাইরে থাকার দিনগুলি মনে পড়ে। কী দুঃখই না হত! প্রতিরাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতাম। প্রতিদিন আঙুলের কড়ে দিন গুনতাম, কবে ছুটি হবে! কবে বাড়ি ফিরব!
এরপর ঘুরে ফিরে দেখা হল অনেক জায়গা। নানান তাগিদে ঘর ছাড়তে হয়েছে বহুবার। ঘর ছাড়ার ভেতর বৈচিত্র ছিল, কিন্তু ফিরতে গিয়ে প্রতিবারই ফিরে এসেছে সে একই অনুভূতি।
ঢাকায় নিয়মিত থাকা হচ্ছে প্রায় নয় বছর হয়ে গেল। এই নয়টি বছর ব্যস্ততার, উল্লাস কিংবা একাকীত্বের। সময় কেটেছে নানান ভিড়ে। তবু সব কিছুর ভেতর মনের অতি সংগোপন একটি কোণে একাকী পুষে রেখেছি জন্মভূমির প্রতি ভালবাসা। ঘরে ফেরার অপেক্ষা।
আমার অতি শৈশবের বন্ধুটিও এখন ঢাকায় থাকে। প্রতিবার বাড়ি ফেরার আগে আমরা এখনো ছোটবেলার মতই উত্তেজনা অনুভব করি। অনেকদিন আগে থেকেই সলাপরামর্শ করি, কি করে যাওয়া যায়, কোন অভিনব পদ্ধতি বের করা যায় কি না।
একবার একা যাচ্ছিলাম। মাওয়া থেকে নদী পার হয়ে মাথায় একটি বোহেমিয়ান ভূত চেপে বসল। আজ অবশিষ্ট হেটে হেটে যাব। সব সময় তো গাড়িতেই যাই। তখনো বত্রিশ কিলোমিটার বাকি। সত্যি সত্যি হেটেই চলে গেলাম। এখন বিশ্বাস হতে চায় না, আরো চার বছর আগে, বয়স যখন মাত্র সতেরো বছর, কী করে একা একা এতগুলো পথ হেটে চলে গেলাম। ওই একবারই প্রথম, ওটাই শেষ। এমন ভূত মাথায় হয়ত আর কখনো চাপবে না।
বাড়ি ফেরা নিয়ে আমাদের অনেক অনেক উচ্ছ্বাস আছে। আমাদের শরিয়তপুরে রেললাইন নেই। ছোটবেলা থেকেই আমরা রেললাইনের স্বপ্ন দেখি। পদ্মাসেতুর কাজ চলছে দেখলাম। শেষ হলে রেললাইনও হবে শুনেছি। ঢাকায় বসে বসে তাই আমাদের বাড়ি ফেরার আবেগে যোগ হয় রেললাইন। ভাবি, একদিন রেললাইন হবে। আমরা ট্রেনে দরজার হাওয়া খেতে খেতে বাড়ি চলে যাব।
