
নিউজ ডেস্ক:
সমস্ত বন্দিকে ছেড়ে দিতে রাজি হামাস। তবে একটি শর্তে। এমনটাই জানিয়েছে এক সিনিয়র হামাস সদস্য। যদি ইসরাইল গাজায় বিমান হামলা বন্ধ করে দেয় তাহলেই বন্দিদের ছাড়া হবে বলে জানানো হয়েছে।
হামাসের দাবি, ইসরাইল হামলা থামালেই তারা সমস্ত বন্দিকে ঘণ্টাখানেকের মধ্যে ছেড়ে দেবে। বুধবারই গাজার এক হাসপাতালে আকাশপথে হামলায় পাঁচশোর বেশি মানুষ মারা গিয়েছেন। এই ঘটনায় হামাস ও তেল আভিভ পরস্পরকে দায়ী করেছে। এই পরিস্থিতিতে শর্তসাপেক্ষে পণবন্দিদের ছেড়ে দেয়ার কথা জানাল হামাস।
গত ৭ অক্টোবর ভোরে আচমকাই রকেট হামলা চালায় হামাস। মিনিট কুড়ির মধ্যে ৫ হাজার রকেট আছড়ে পড়ে ইসরাইল ভূখণ্ডে। পাশাপাশি দ্রুত ওই অঞ্চলে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। সেই সময়ই বন্দি করা হয় বহু ইসরাইলিকে।
দেখতে দেখতে ১০ দিন পেরিয়ে গিয়েছে হামাস-ইসরাইল লড়াইয়ের। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। এই পরিস্থিতিতে হাসপাতালে এতজনের মর্মান্তিক মৃত্যু যেন নতুন করে পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরছে।
