
অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ সোমবার জানিয়েছেন, ‘এই যুদ্ধবিরতি একটি স্থিতিশীল প্রক্রিয়া হওয় উচিত। জায়নবাদীরা গাজায় যেন বারবার এমন বর্বর আগ্রাসন না চালায় সেটা নিশ্চিত করতে হবে।’
৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার। গতকাল বুধবার মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকে জানানো হয় বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়।
আগামীকাল শেষ হচ্ছে চারদিনের যুদ্ধবিরতি। তবে যুক্তরাষ্ট্র, কাতার, মিসরসহ বেশ কিছু দেশ এই যুদ্ধবিরতি বাড়ানোর পক্ষে কথা বলছেন। আর ইরানের দাবি স্থায়ী যুদ্ধবিরতি।দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের কানানি বলেন, ‘আমরা আশা করি ফিলিস্তিনি জনগণের ওপর জায়নবাদীদের চালানো অপরাধযজ্ঞ অচিরেই বন্ধ হবে।’ তিনি জানান, এই যুদ্ধবিরতি বাড়ানোর জন্য নিজেদের পক্ষে যা করা সম্ভব সবই করছে ইরান।
