
ঘোষিত তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।
দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে শুক্রবার (১৫ ডিসেম্বর) বাদ জুমা বায়তুল মোকররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করার সিদ্ধান্ত হয়।
দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ জানান, বিরোধীদলগুলোর মিছিল ও সমাবেশ বন্ধ রাখার নির্দেশনা নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ার বহির্ভূত। নির্বাচন কমিশনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এই নির্দেশনা মূলত সরকারের ইন্ধনে হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
তিনি বলেন, নির্বাচনের নামে যে প্রহসনের নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে তা জাতির কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। অবিলম্বে ঘোষিত একতরফা তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বৈঠকে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
