
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সোমবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে আলাপকালে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা বন্ধ করতে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেছেন।
প্রেসিডেন্ট এরদোগানের জনৈক কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ।
উল্লেখ্য, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত মাসে ইউএনএসসিতে একটি প্রস্তাব পাশ হয়েছে।
সাবাহ’র প্রতিবেদনে বলা হয়, এরদোগান সালমানকে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আরও কার্যকর যৌথ প্রচেষ্টা চালানো প্রয়োজন।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সবচেয়ে তীব্র সমালোচকদের মধ্যে একজনে পরিণত হয়েছেন এরদোগান। তিনি হামাসের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ করার পশ্চিমা অবস্থান প্রত্যাখ্যান করেছেন। এছাড়া, ইসরায়েলকে “সন্ত্রাসী রাষ্ট্র” হিসেবে অভিহিত করে এরদোগান গাজায় ‘গণহত্যা’ চালনার অভিযোগ এনেছেন।
