
রাজধানী ঢাকার মেট্রোরেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। তবে শুরুতে যাত্রী ছাড়া পরীক্ষামূলকভাবে মেট্র চালাবে কর্তৃপক্ষ। এরপর যাত্রীসহ চলাচল শুরু করবে মেট্রো। তবে এসব কাজে সপ্তাহ খানের সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি কালের কণ্ঠকে বলেন, আমরা মেট্রো চালুর নির্দেশ পেয়েছি। তবে শুরু পরীক্ষামূলক চলাচল করাবো। এরপর যাত্রীসহ চলবে মেট্রো। সব মিলিয়ে অন্তত সাত দিন সময় লাগবে।
আজ রবিবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী মেট্রোরেল চলাচলের বিষয়টি তুললে দ্রুত তা চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
এদিকে মেট্রো চালুর জন্য কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা।
প্রথম ধাপ হিসেবে আজ সংশ্লিষ্টরা হেঁটে হেঁটে পুরো মেট্রোরেলের পথ পরীক্ষা করেছেন। আগামীকাল সোমবার নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে বলে ডিএমটিসিএল সূত্রে জানা গেছে।
এদিকে সারা দেশে আগামী ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করবে। মঙ্গলবার (১৩ জুলাই) থেকে পণ্যবাহী ট্রেনের পাশাপাশি যাত্রীবাহী লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে।
