
দীর্ঘ ১১ বছর ১৬ দিন পর দীর্ঘদিন কারাগারে আবদ্ধ থাকার পর অবশেষে কারামুক্ত হলেন মুফতী জসীম উদ্দিন রাহমানী।
সোমবার (২৬ আগস্ট) গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি ছাড়া পান।
এসময় কারা ফটকে শত শত মানুষ তাকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ধ্বনিতে স্বাগত জানান।
মুক্তির পর মুফতী জসীম উদ্দিন রহমানী উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, হাইকোর্ট থেকে আমাকে জামিন দেওয়া হয়েছিল। শেখ হাসিনার ইঙ্গিতে আমাকে ফের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল।
তিনি বলেন, আমি দীর্ঘদিন কারাগারে থেকে বুঝেছি, আমরা কে কোন দল করি ইসলামের শত্রুরা সেটা আলাদা করে না। ওদের কাছে সকল মুসলমানই শত্রু। তাই আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন সকলকে একতাবদ্ধ হওয়া।
২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে মুফতী জসীম উদ্দিন রাহমানীকে গ্রেপ্তার করা হয়। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার একটি আদালত। পরে রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে পৃথক দুটি মামলা করা হয় তার বিরুদ্ধে।
