দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ।

 

আন্তর্জাতিক ডেস্ক | ফাতেহ২৪ ডটকম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত কয়েকজন বক্তাকে নিয়ে ভারতের নয়াদিল্লিতে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোচনা সভার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আয়োজকদের জানানো হয়েছে, ‘কিছু বিতর্কের’ কারণে অনুষ্ঠানটির অনুমতি দেওয়া হচ্ছে না।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে (এফসিসি) অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি পুলিশকে অনুরোধও জানিয়েছিলেন আয়োজকেরা।

‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু আ পার্টনারশিপ’ শীর্ষক আলোচনা সভাটি আয়োজনের কথা ছিল এফসিসি ও বেলজিয়ামভিত্তিক সংগঠন ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে।

অনুষ্ঠানে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদের উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া মুক্তিযোদ্ধা ও বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী নুরান নবীসহ ভারত ও ইউরোপের কয়েকজন রাজনীতিবিদ, কূটনীতিক ও অধিকারকর্মীর অংশ নেওয়ার কথা ছিল।

অনুষ্ঠান বাতিলের বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে অংশগ্রহণকারীদের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতির কারণে অনুমতি দেওয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ৫ আগস্ট একই ক্লাবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল উপস্থিতি ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বক্তব্যের পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ওই ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয় এবং এ ধরনের ‘অবাঞ্ছিত প্ররোচনা’ বন্ধের নিশ্চয়তা চাওয়া হয়।

কূটনৈতিক মহলের কেউ কেউ মনে করছেন, নতুন করে কোনো বিতর্ক তৈরি না করার বিষয়টি বিবেচনায় নিয়েই শনিবারের আলোচনা সভার অনুমতি দেওয়া হয়নি। তাঁদের মতে, এর মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের আগ্রহেরও একটি বার্তা পাওয়া যেতে পারে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে শেখ হাসিনার ওই অনুষ্ঠানের বক্তব্যের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছিল।

শনিবার দিল্লি পুলিশের পক্ষ থেকে আয়োজকদের জানানো হয়, অনুষ্ঠানটির অনুমতি দেওয়া সম্ভব নয়। আবেদনপত্রে হাতে লেখা মন্তব্যে অনুমতি না দেওয়ার কারণ হিসেবে ‘কিছু বিতর্ক’ উল্লেখ করা হয়।

এফসিসির সভাপতি ওয়াইল আওয়াদ বলেন, অনুষ্ঠানটি ছিল অংশীদারত্ব ও উন্নয়নবিষয়ক একটি বুদ্ধিবৃত্তিক আলোচনা। কেন দিল্লি পুলিশ অনুমতি দেয়নি, তা নিয়ে তিনি নিশ্চিত নন।

সুত্র- প্রথম আলো

আগের সংবাদদেশের ১,৪৯৮টি পর্যটন কেন্দ্র নিয়ে মহাপরিকল্পনা করছে সরকার
পরবর্তি সংবাদমক্কায় প্রদর্শিত হচ্ছে তৃতীয় হিজরি শতাব্দীর বিরল কোরআনের পাণ্ডুলিপি