মক্কায় প্রদর্শিত হচ্ছে তৃতীয় হিজরি শতাব্দীর বিরল কোরআনের পাণ্ডুলিপি

মক্কায় প্রদর্শিত তৃতীয় হিজরির বিরল কোরআনের পাণ্ডুলিপি
মক্কার কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে তৃতীয় হিজরি শতাব্দীর বিরল কোরআনের পাণ্ডুলিপি।

আন্তর্জাতিক ডেস্ক | ফাতেহ২৪ ডটকম

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার হেরা সাংস্কৃতিক এলাকায় অবস্থিত কোরআন জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে তৃতীয় হিজরি শতাব্দীর একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি। প্রাচীন এই পাণ্ডুলিপিকে কোরআনের লিখন ও সংরক্ষণের ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে তুলে ধরা হচ্ছে।

প্রদর্শিত পাণ্ডুলিপিটিতে সূরা মারইয়ামের একটি অংশ রয়েছে। এটি প্রাণীর চামড়ার ওপর লাল কালিতে লেখা। পাণ্ডুলিপির লেখায় হরকত ও নুকতা নেই। প্রাচীন যুগের কোরআনি লিপির অন্যতম বৈশিষ্ট্য ছিল এ ধরনের হরকত ও নুকতাবিহীন লেখা।

এই পাণ্ডুলিপির মাধ্যমে দর্শনার্থীরা কোরআনের লিখনপদ্ধতির ক্রমবিকাশ এবং ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোতে কোরআন কীভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ করা হতো, সে সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাচ্ছেন।

হেরা সাংস্কৃতিক এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোরআন জাদুঘর। এখানে কোরআনের ইতিহাস, পাণ্ডুলিপি, লিখন ও সংকলনের বিভিন্ন পর্যায় এবং সংশ্লিষ্ট জ্ঞান-বিজ্ঞানের নানা দিক আধুনিক প্রদর্শনী ও ইন্টার‌্যাকটিভ প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়।

জাদুঘরটি হেরা পাহাড়ের পাদদেশে অবস্থিত হেরা সাংস্কৃতিক এলাকার অংশ। ফলে মক্কায় আগত দর্শনার্থী ও হজযাত্রীরা কোরআনের ইতিহাসের পাশাপাশি ওহি অবতরণের ঐতিহাসিক স্থানটির সঙ্গে জ্ঞানগত ও সাংস্কৃতিকভাবে পরিচিত হওয়ার সুযোগ পান।

প্রাচীন এই পাণ্ডুলিপির প্রদর্শন কোরআনের লিখনপদ্ধতি ও পাণ্ডুলিপি সংরক্ষণের ঐতিহাসিক ধারাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি ইসলামের প্রাথমিক যুগের লিখিত ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি করছে।

আগের সংবাদদিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
পরবর্তি সংবাদনিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প