
ফাতেহ ডেস্ক: ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তি বিশ্বে কারো নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
সোমবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ‘ফাহেত মোবিন’-এর মোড়ক উন্মোচনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইরানের স্বাধীনতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিরক্ষা শিল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে
আমির হাতামি বলেন, শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে না। ফাহেত মোবিন ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে এবং জাহাজ থেকে সাগরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম
ক্ষেপণাস্ত্রটির শীর্ষদেশে রয়েছে অনুসন্ধানকারী প্রযুক্তি যা দিয়ে এটি নিক্ষেপের পরও লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে তাতে আঘাত হানতে সক্ষম।
স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্র রাডারসহ শত্রুপক্ষের যে কোনো ধরনের প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে প্রতিকূল আবহাওয়ায়ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ জার্মানির একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, এ অঞ্চলের অন্য দেশের তুলনায় প্রতিরক্ষা খাতে ইরানের ব্যয় খুবই কম।
ইরানের চাইতেও সৌদি আরবের আরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। অথচ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নয়।
