
কুমিল্লার নাঙ্গলকোটে রান্নাঘর থেকে ৫২টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মক্রবপুর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের খাঁন বাড়ি থেকে এসব সাপ উদ্ধার করা হয়।
বাড়ির মালিক নুরুজ্জামান খাঁন পরিবর্তন ডটকমকে জানান, দুপুরে রান্না করার সময় ঘরের মেঝেতে রাখা ইটের নিচে দুটি সাপের বাচ্চা দেখতে পান তিনি।
এরপর স্থানীয় এক সাপুড়েকে খবর দেয়া হলে তিনি মেঝের ইট সরিয়ে একের পর এক সাপ বের করতে থাকেন। এভাবে ছোট-বড় মিলে ৫২টি গোখরা সাপ ধরেন সাপুড়ে।
বড় দুটি গোখরা তিনি নিয়ে যান। বাকিগুলো মেরে ফেলা হয় বলেও জানান নুরুজ্জামান খাঁন।
এদিকে, রান্নাঘর থেকে সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তা দেখতে আশপাশের বহু মানুষ জড়ো হন।
উৎসঃ পরিবর্তন
