আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন বিতর্কিত নেতা হেকমতিয়ার

ফাতেহ ডেস্ক

বিতর্কিত আফগান-নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার গতকাল (শনিবার) দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এতে প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।

নানা বিশৃঙ্খলার অভিযোগে তালেবান তাদের শাসনামলে গুলবুদ্দিন হেকমতিয়ারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু দুই দশক নির্বাসনে থাকার পর আশরাফ ঘানিই তাকে দেশে আসতে সহায়তা করেন।

নব্বইয়ের দশকে প্রাণঘাতী গৃহযুদ্ধে কয়েক হাজার লোককে হত্যা করেছিল তার যোদ্ধারা। ২০১৬ সালে নির্বাসন থেকে ফিরে আসার পরও তাকে ঘিরে থাকা বিতর্ক চলমান রয়েছে।

তার দল হিজব-ই-ইসলামকে বৈধতা দিতেই জুলাইতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্লেষকরা দাবি করেছেন।

আফগানিস্তানের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সময় তার দলের বিরুদ্ধে নৃশংস অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। ১৯৯৬ সালে দেশটিতে তালেবানের আবির্ভাবে জনগণ স্বস্তি ফিরে পায়। গৃহযুদ্ধকবলিত আফগানিস্তানে তালেবান শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়। এবং যুদ্ধবাজ হেকমতিয়ারকে দেশ থেকে বিতাড়িত করে।

২০০৩ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীদের তালিকায় তার নাম ওঠে। যুক্তরাষ্ট্র আল-কায়েদা ও তালেবানের হামলায় সহায়তার অভিযোগ আনে তার বিরুদ্ধে। পরবর্তী সময় হেকমতিয়ারের সঙ্গে আশরাফ ঘানির শান্তিচুক্তিকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

২০১৬ সালে হেকমতিয়ারের জন্য দায়মুক্তি ঘোষণা করে আফগান সরকার। কিন্তু আফগানিস্তানে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে।

এইচআর

আগের সংবাদমাহাথিরের মন্তব্যে তেলে-বেগুনে জ্বলে উঠেছে ইসরাইল
পরবর্তি সংবাদকেমন আছে মুসলিম ঐতিহ্যের নগরী কাশগড়?