
ফাতেহ ডেস্ক
আন্তর্জাতিক গণমাধ্যমে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ট্রাজেডির খবর প্রধান শিরোনাম হয়েছে। বুধবার রাতে ঘটা ভয়াবহ এ অগ্নিকাণ্ডের খবর গুরুত্বের সঙ্গে ফলাও করে প্রকাশ করে বিবিসি, রয়টার্স, আল জাজিরা, এএফপি, সিএনএন, দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক পোস্ট, এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম। ঘটনার পরপরই এ সব খবর প্রকাশ পায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রধান খবরের শিরোনাম করা হয়েছে ‘বাংলাদেশে অগ্নিকাণ্ড: ঐতিহাসিক ঢাকায় আগুনে নিহত ৭৮’। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কায় তল্লাশি অব্যাহত রয়েছে।’
কাতারভিত্তিক আল জাজিরার প্রধান শিরোনামে বলা হয়, ‘বাংলাদেশের রাজধানীর পুরাতন ঢাকায় এক অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।’
অগ্নিকাণ্ডে নিহত ৬৯ নিহতের খবর দিয়ে সংবাদ প্রকাশ করেছে এএফপি ও নিউইয়র্ক পোস্ট। আর গার্ডিয়ানের খবরে বলা হয়, ঢাকায় ক্যামিকেল গোডাউনের আগুন অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়ায় ৭০ জন নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে ‘ঢাকার ক্যামিকেল গুদামে অগ্নিকাণ্ডে নিহত ৬৯’।
উল্লেখ্য, গতকাল বুধবার রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। সময় বাড়ার সাথে সাথে আগুন পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। চকবাজার এলাকার গ্যাস লাইন থেকেও ওই সময় আগুন বের হচ্ছিল।
স্থানীয়রা বলছেন, রাজ্জাক ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্যের কারখানা ছিল। সেই কারণেই এতো দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করে রাত তিনটার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ৭৮ জন নিহত হয়েছে।
