
ফাতেহ ডেস্ক: সরকার নির্ধারিত এক লাখ ৬০ হাজার টাকাতেই মালয়েশিয়ায় কর্মী পাঠাবে দেশের রিক্রুটিং এজেন্সিগুলো। মঙ্গলবার দুদেশের বৈঠকে সব বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নেয়ার সিদ্ধান্তের পর এ ঘোষণা দিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বায়রা নয়, ব্যয় নিয়ন্ত্রণে সরকারকেও নজরদারি বাড়াতে হবে।
২০১৬ সালে জনশক্তি রপ্তানির সুযোগ নতুন করে সৃষ্টির পর থেকে বাংলাদেশের দশটি কোম্পানির মাধ্যমে কলিং ভিসায় কর্মী নিচ্ছিল মালয়েশিয়া সরকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিবাসন ব্যয় সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে গড়ে জনপ্রতি সাড়ে ৩ লাখ টাকা খরচ গুণতে হচ্ছিল অভিবাসন প্রত্যাশীদের।
তবে এবছর মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদের সরকার ক্ষমতায় আসার পর কলিং ভিসায় কর্মী নেয়ার নিয়ম বাতিল করা হয়। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মপ্রক্রিয়া ঠিক করার ঘোষণা দেয় সেদেশের সরকার। মঙ্গলবার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নেয়ার সিদ্ধান্ত হয়।
সব এজেন্সি কাজ করার সুযোগ পেলে বাজারের নিয়মেই অভিবাসন ব্যয় কমে যাবে। তবে, সরকার নির্ধারিত খরচেই এজেন্সিগুলোকে লোক পাঠাতে হবে বলে সতর্ক করে দিয়েছে বায়রা।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সরকার ২০১৭ সালে সর্বোচ্চ ব্যয় ঠিক করে দিলেও, কেন তা মেনে চলা হয়নি সে বিষয়টি খতিয়ে দেখা উচিৎ বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে কলিং ভিসায় নিয়োগ পাওয়া প্রায় ২০ হাজার কর্মী পুরোনো নিয়মেই মালয়েশিয়া যেতে পারবে বলে জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
