আল-কোরআন­­­­­­­­­­­­ : অতুলনীয় ও এক অনন্য বৈশিষ্ট্যের আধার

মুহাম্মদ আবদুল মুমিন: আল-কোরআন। উম্মতে মুহাম্মদীর গাইড বুক। এই কোরআন তার বিষয়বস্তুর উপস্থাপনা প্রদর্শন করে অন্যান্য সকল ধর্মগ্রন্থকে পেছনে ফেলে সকল ভাষা সাহিত্যিককে চ্যালেঞ্জের মুখোমুখী দাঁড় করিয়ে সর্বদা নিজেকে রেখেছে শীর্ষে। পবিত্র কোরআনের শব্দ, ভাষা, ভাষাশৈলী, উপস্থাপনা, বাচনভঙ্গি, বিষয়বস্তুর ওপর সারগর্ভ আলোচনা, ভাষা অলংকারের অপূর্ব বিন্যাস অলৌকিকত্বের চূড়ান্ত সীমায় উপনীত। কাজেই তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে আরবের সকল ভাষাবিদ, কবি-সাহিত্যিক। কিন্তু কোরআন তাদের উন্নীত মস্তককে বারংবার অবনত করে ছেড়েছে। লড়তে গিয়ে বারবার ব্যর্থ মনোরথে ফিরে আসতে হয়েছে তাদেরকে। মূলত মানবীয় শক্তি-সামর্থের বহু ঊর্ধ্বে এই কোরআনের অবস্থান।

এই অনিন্দ্য সুন্দর কালামের প্রতিদ্বন্দ্বীহীনতা, তুলনাহীনতা এটা অনুধাবন, আহরণ ও বোধগম্যতার বহির্ভূত কোনো বিষয় নয়। বরং আরবী ভাষার সৌন্দর্য, মাধুর্য, অলংকার ও নান্দনিকতার সাথে সম্পর্কিত ব্যক্তিমাত্রই তা কিছু না কিছু অনুধাবন করতে পারবেন। এ বিষয়ে যার পারঙ্গমতা যত গভীর তার উপলব্ধি তত প্রখর হতে বাধ্য। তবে আরবী ভাষা শৈলী ও শিল্পের সাথে সম্পর্কহীন মনন ও মস্তিষ্কের পক্ষে কোরআন মাজীদের এই ভাষাগত, উপস্থাপনাগত ও শৈলীগত অনন্যতা ও অলৌকিকত্বকে যথার্থভাবে অনুধাবন করা দুরূহ ব্যাপারই শুধু নয়, অসম্ভব বললেও অত্যুক্তি হবে না। তাই বলতে হয়, সে চলছে তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে…।

আরবের ভাষা পণ্ডিত কবি-সাহিত্যিকরা তো কত গ্রন্থ ও বই-পুস্তক রচনা করেছে, এমনকি আজকের পৃথিবীতেও তো কত কিছু রচিত হচ্ছে কিন্তু দুটির অবস্থান মাপা হলে বিবেকসম্পন্ন ব্যক্তি মাত্রই এ দুয়ের মাঝে পার্থক্য নিরূপন করতে সক্ষম হবে। যেখানে কোরআন বাস্তব সত্য, নিখুঁত, নিত্যপ্রয়োজনীয়, অভ্রান্ত ও চূড়ান্ত, সেখানে তথাকথিত দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের রচিত গ্রন্থাবলির বিষয়বস্তু অবান্তর, অবাঞ্ছিত, অহেতুক, ভিত্তিহীন ও নিছক গালগল্প মাত্র। মানবরচিত গ্রন্থাবলি পাঠ করলে মানুষ হয় বেহায়া, বেশরম, বেতমীজ, বেলাগাম, উন্মাদ, শোষক, হিংসাপরায়ণ। পক্ষান্তরে কোরআন পাঠ করলে মানুষ হয় নম্র, ভদ্র, সভ্য, শান্ত, ন্যায়বিচারক সর্বোপরি মানবতার সর্বোৎকৃষ্ট ধারক-বাহক। বর্তমান যুগের উপন্যাস-গ্রন্থগুলো মানুষকে মানবতা শিক্ষা না দিয়ে শিক্ষা দিচ্ছে অরাজকতা, অসভ্যতা, বর্বরতা, নাস্তিকতা, অশ্লীলতা ও অমানবিকতা। বিপরীতে কোরআনের পাঠক চিরদিন লজ্জাশীল, সহনশীল, প্রজ্ঞাশীল, ধর্মভীরু, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, সত্যাশ্রয়ী, সুহৃদ ও দরদী দিলের অধিকারী।

এই সকল গুণের সমারোহ ঘটেছে এই মহাগ্রন্থ আল কোরআনে। তাই এ গ্রন্থ সকলের কাছে নন্দিত, সকলে পাঠ করে হয় বিমুগ্ধ। মক্কার কাট্টা কাফেররাও তার আকর্ষণ শক্তিতে হয়েছে সম্মোহিত। তার অলৌকিকত্বের কারণেই হাজারো মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে শান্তির আশ্রয় খুঁজে নিয়েছে। কোরআন তাদের দিয়েছে সত্য-সুন্দর ইসলামের দিশা। তারা পেয়েছে ইসলামকে, পেয়েছে কোরআনকে আর পেয়েছে প্রকৃত মালিক আল্লাহ তাআলাকে। ফলে তারাই হয়েছে ধন্য, তারাই হয়েছে সফলকাম। কাজেই আজ তাদের শানে পাঠ করা হয়-

‘ইসলাম সে তো পরশমণি যে পেয়েছে তারে খুঁজি,

পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি।’

লেখক : সম্পাদক, সংবাদ পরিক্রমা, সহ-সম্পাদক : বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম

আগের সংবাদফ্লাইট চালনা বন্ধ করে দিচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো- বিশেষজ্ঞরা যা বলছেন
পরবর্তি সংবাদকাশ্মীর স্বাধীন হবে, নতুন যুগের শুরু হবে: হাফিজ সাঈদ