
ফাতেহ ডেস্ক
জাতীয় ঐক্যফ্রন্টকে গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২রা ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট নেতাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু এবং প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক।
তারা বলেন, আমরা দাওয়াত কার্ড পেয়েছি। তবে সেটা কিসের দাওয়াত, কী জন্য দাওয়াত দেওয়া হয়েছে তা জানি না। তবে গণভবন থেকে কোনো ফোন করা হয়নি।
তবে আমন্ত্রণে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট যাচ্ছে না বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। শনিবার সন্ধ্যায় তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২ ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে গণভবন থেকে শুভেচ্ছা বিনিময়ের জন্য চা-চক্রের আমন্ত্রণ পেয়েছি, কিন্তু এতে যাওয়ার সুযোগ নেই। এটাই আমাদের প্রাথমিক সিদ্ধান্ত।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আমি জানি না। এ বিষয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই।
এর আগে গত ১৩ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে সংলাপ হয়েছিল। এখন নির্বাচন শেষ হয়েছে, প্রধানমন্ত্রী তাদেরকে আবার আমন্ত্রণ জানাবেন। তাদের সঙ্গে কিছু মতবিনিময় করবেন এবং তাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে।
তবে ১৫ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির অসুস্থ এক কর্মীকে দেখতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে আমরা সংলাপে যাবো, না হলে যাবো না। এটাই ঐক্যফ্রন্ট ও বিএনপির সিদ্ধান্ত।
এইচআর/
