
আবু তাশরীফ :
আসামের এনআরসি ইস্যু নিয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলি মুখ খুলছে না। সরকারী দল আওয়ামী লীগ, সংসদের বাইরে প্রধান বিরোধী দল বিএনপি ও সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টি কেউ কথা বলতে চাইছে না। অথচ এই ইস্যুটির সঙ্গে বাংলাদেশের সঙ্কট, ঝুঁকি ও স্বার্থের বড় রকম সম্পর্ক জড়িয়ে আছে। এদিকে দেশের রাজনৈতিক দলগুুলির এই নৈরাশ্যকর নিরবতার মধ্যেই অনেকটা বাংলাদেশের হয়েই মুখ খুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি শাসকদল বিজেপির কঠোর সমালোচনা করে বলেছেন, “এনআরসি ইস্যু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ধ্বংস করে দেবে।”
এনআরসি হলো ভারতের আসাম রাজ্যের নাগরিকত্বের চুড়ান্ত খসড়া তালিকা। এরকম একটি তালিকার বিষয়টি নতুন কিছু নয়। এর কথা শোনা যাচ্ছিল হিন্দুত্ববাদী বিজেপি ও তার সমর্থকদের মুখে বেশ কয়েক বছর আগে থেকেই। তাদের বরাবরের দাবি, কোটি খানেক বাংলাদেশী অভিবাসী আসামে নাগরিক সেজে বসবাস করছেন। আসামের বাংলাভাষী মুসলমানদের বড় একটি অংশকে ভিনদেশী বহিরাগত হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়াই এ দাবির উদ্দেশ্য।
গত ৩০ জুলাই সেই আলোচিত নাগরিক তালিকার চুড়ান্ত খসড়াটি (এনআরসি) আসাম বিজেপি সমর্থিত রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় আসামের বাংলাভাষী প্রায় ৪০ লাখ বাসিন্দার নাম বাদ দেওয়া হয়েছে। এই নাম বাদপড়াদের একটা বড় অংশই হচ্ছেন মুসলমান। তালিকাটি প্রকাশের দিন থেকেই বিতর্ক শুরু হয়েছে ভারতের কেন্দ্রীয় ও আঞ্চলিক রাজনীতিতে। মুসলিমদের প্রতিনিধিত্বশীল কয়েকটি সংগঠন ভারতে জোরালো প্রতিবাদ জানালেও প্রভাবশালী রাজনীতিকদের মধ্যে সবচেয়ে সোচ্চার ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
এনআরসি বাস্তবায়িত হলে অনেকেই বলছেন, আসামের অর্ধকোটি মুসলমানের অবস্থা হবে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মতো। রাষ্ট্রহীন নাগরিক বানিয়ে তাদেরকেও বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হবে। বিজেপির শীর্ষ নেতাদের ভাষায় সেই হুঙ্কারই ভেসে আসছে। অথচ এই ভয়ঙ্কর বিপদটি নিয়ে বাংলাদেশ থেকে কোনো আওয়াজই উঠছে না। বড় রাজনৈতিক দল ও রাজনীতিকদের কেউ কথা বলতে চাইছে না।
প্রশ্ন হচ্ছে, এনআরসি ইস্যুর এই আসন্ন ঝড়ের সামনে কেন এ পক্ষের – ও পক্ষের রাজনীতিকরা উট পাখির মতো মাথা গুঁজে থাকতে চাইছেন? এ তো শুধু বিপদে পড়া আসামী বাংলাভাষী মুুসলিমদের প্রতি সহানুভূতির ইস্যু নয়, বরং বাংলাদেশের ভেতরে অর্ধকোটি মানুষকে ঠেলে পাঠানোরও ইস্যু। ১০ লাখ রোহিঙ্গা উদ্বাস্তু নিয়ে রাষ্ট্রের যে ত্রাহি ত্রাহি অবস্থা, সেখানে আসাম থেকে অর্ধকোটি মানুষকে বিতাড়িত করে এদেশে পাঠাতে শুরু করলে সঙ্কট কত ভয়াবহ রূপ নিতে পারে?
বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক কালে এদেশের রাজনীতি, নির্বাচন ও ‘গণতন্ত্রে’ ভারতের তাৎপর্যপূর্ণ প্রভাবের কারণেই আসামের এনআরসি ইস্যু নিয়ে ঢাকার কোনো মহলই মুখ খুুলে ভারত সরকারের বিরাগ নিজের দিকে টেনে আনতে চাইছে না। অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগকেই কেবল ভারতের সঙ্গে নিরঙ্কুশ বন্ধুত্ববাদী দল মনে করা হতো। কিন্তু অতি সম্প্রতি ক্ষমতাসীন দলসহ দেশের প্রধান ও প্রভাবশালী আরো দুটি দল যেভাবে সাড়ম্বরে ভারত মিশন সেরে এসেছে তাতে ভারতের বিরুদ্ধে মুখে কুলুপ আঁটা ছাড়া এসব রাজনৈতিক দলের কোনো উপায় নেই।
মমতা ব্যনার্জি বড় রকম উঁচু ধারণা নিয়ে বলেছেন, এনআরসি ইস্যু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ধ্বংস করে দেবে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রধান রাজনীতিকদের নিঃশব্দ ও আনুকূল্য সন্ধানী আচরণ কি সেই উঁচু ধারণার সঙ্গে মিলে? আসলেই কি সম্পর্ক ধ্বংস হওয়ার কোনো সঙ্কেত এখান থেকে যাবে? কেউ কেউ মনে করছেন, বাংলাদেশে এবারের জাতীয় নির্বাচনের আগে ভারতের সঙ্গে দেশের জরুরি স্বার্থ নিয়ে আওয়াজ তোলার ঝুঁকি কেউ নিতে চাইবে না।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের দৌড়ঝাপের সফল পরিণতি দেখে ভারত বিরোধী বলে পরিচিত দলের লোকেরাও এখন আত্মসমর্পণের নানান কসরতে ব্যস্ত। এই কসরত থেকে তারা সহজেই বের হতে পারবেন বলে মনে হয় না।
এদিকে ভারত – বাংলাদেশ ইস্যুতে এ দেশের গণমাধ্যমের যথাযথ ভূমিকার ব্যাপারে আশাজাগানিয়া কোনো পরিস্থিতি বাকি আছে বলে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না। এ ইস্যুতে পরিচিত সুশীল -বুদ্ধিজীবীদের প্রতিও আস্থার কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না।
তবে কি আসামের বাংলাভাষীদের নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলার যে সঙ্কট তৈরি হচ্ছে, দেশের ভেতরে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদের স্বর শোনা যাবে না? চুুপ থাকা রাজনীতিকদের মতোই দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গন কিংবা সদ্য গা ঝাড়া দেওয়া তারুণ্যও মাথা নিচের দিকে দিয়ে হাঁটবে? না কি এনআরসি ইস্যুতে সার্বভৌমত্বের পক্ষে দলীয় রাজনীতির ঘেরের বাইরে থেকেই নতুন আওয়াজ উঠবে? হিসাব বহির্ভূত কিশোর ছাত্র বিক্ষোভের মতোই সৃজনশীল ও সাড়াজাগানো নানামাত্রিক সুর দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়বে? সময়ই হয়তো এসব প্রশ্নের উত্তর সামনে নিয়ে আসবে।
সাম্প্রতিক বাস্তবতার মধ্যে কিন্তু দুরকম সম্ভাবনার বীজই উঁকিঝুকি দিচ্ছে।
