
ফাতেহ ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন রোববার (৬ জানুয়ারি)। এদিন বেলা ১১টার দিকে তিনি জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে শপথ নেবেন বলে আজ বিকেল জানিয়েছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন। তবে সেই অনুষ্ঠানে এরশাদ ছিলেন না। শপথ নেয়ার পর জাতীয় পার্টির সাংসদেরা সরকারের সঙ্গে থাকার সিদ্ধান্তের কথা জানান।
তবে শুক্রবার হুসেইন মুহাম্মদ এরশাদের সই করা বিবৃতিতে জানানো হয়, জাতীয় পার্টিই হতে যাচ্ছে প্রধান বিরোধী দল। বিরোধী দলীয় নেতা হবেন দলের চেয়ারম্যান এরশাদ। দলের কোনো সদস্য মন্ত্রী হবেন না। আজ এরশাদ দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ করার সিদ্ধান্তের কথা জানান।
এদিকে শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দেয়া চিঠিতে এরশাদ বলেন, ‘একাদশ জাতীয় সংসদে আপনি স্পিকারের দায়িত্ব গ্রহণ করায় (যদিও তিনি এখনও একাদশ সংসদে দায়িত্ব গ্রহণ করেননি। দশম সংসদের দায়িত্বে থেকেই দায়িত্ব পালন করছেন) প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’
