ফাতেহ ডেস্ক: ঠাকুরগাঁও-এক আসনে নির্ভার বিএনপি, তবে আওয়ামী লীগের প্রার্থী প্রশ্নে চলছে জোর আলোচনা। বিএনপির নেতাকর্মীরা বলছেন, এবারও ভোটের মাঠে থাকছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে, নৌকা প্রতীকের জন্য এরই মধ্যে প্রচারে ক্ষমতাসীন দলের একাধিক নেতা।
২০০১-এর নির্বাচন ছাড়া ঠাকুরগাঁও-১ আসনে বরাবরই বিজয়ী নৌকার প্রার্থী। সর্বশেষ নির্বাচনেও টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন রমেশ চন্দ্র সেন। দীর্ঘদিন সংসদ সদস্য থাকায় তৃণমূলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে বলে অভিযোগ নেতাকর্মীদের।
এই আসনে পরিবর্তন গড়ে দেয় এক লাখ ২০ হাজার সংখ্যালঘু ভোট। সেকারণেই এটি আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। তবে, দলীয় বিরোধে সামনে এসেছে এই ভোট হাতছাড়া হ্য়ার শঙ্কা।
অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেই আস্থা রাখছেন স্থানীয় নেতাকর্মীরা। ২০০১ সালে রমেশ চন্দ্র সেনকে হারিয়ে সংসদ সদস্য হন মির্জা ফখরুল।
এছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী দলের জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা যে নৌকা ও ধানের শীষে হবে, তাতে কোনো সন্দেহ নেই স্থানীয়দের।
