
ফাতেহ ডেস্ক
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি নিয়ে বাংলাদেশকে জড়িয়ে মিয়ানমারের দেয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বুধবার রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে আরাকান আর্মি ও আরসার কোনো ঘাঁটি নেই।
মিয়ানমারের মন্ত্রীর বিবৃতিকে মিথ্যা, বানোয়াট ও মনগড়া বলে জানানো হয়েছে। এতে আরো বলা হয়, বর্তমান সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ফলে বাংলাদেশের কোনো জায়গায় সন্ত্রাসী ঘাঁটি পরিচালনা সম্ভব নয়।
এ ছাড়াও দুই দেশের মধ্যে যাতে শান্তি নষ্ট না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে সীমান্তরক্ষীরা।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীদের হামলায় নিহত হয় দেশটির নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য। মিয়ানমারের আরাকান আর্মি এবং আরসা গ্রুপ বাংলাদেশে ঘাঁটি গেড়েছে বলে সোমবার দাবি করেন মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র।
