
ফাতেহ ডেস্ক: ব্যাংকিং খাতে সরকারের কিছু ওভার সাইড (নজরদারি) দুর্বলতা রয়েছে। এ কারণে আর্থিক খাতে সমস্যা হয়েছে। সরকার সব বাধা দূর করে প্রবৃদ্ধি অর্জন বাড়াতে চায়। তাই আগামীতে অর্থনৈতিক অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যেকোনো খাতকে ঢেলে সাজানো হবে বা সংস্কার করা হবে বললেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ রোববার (৯ ডিসেম্বর) শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভা কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নত বিশ্বে সরকার পরিবর্তন হলেও অর্থনৈতিক অগ্রগতি থেমে থাকে না কারণ তারা পূর্ববর্তী সরকারের কাজের ধারাবাহিকতা রক্ষা করে। এক সরকারের কাজ অন্য সরকার ভালোভাবে বাস্তবায়ন করে।
কিন্তু আমাদের দেশে এর উল্টো হয়ে থাকে।
আমাদের দেশের সংস্কৃতি অন্যরকম, তাই উন্নয়ন ধরে রাখতে আমাদের সরকারের ধারাবাহিকতা রাখা প্রয়োজন। তবে দিন দিন অনেক পরিবর্তন হয়ে আমাদেরও মন মানসিকতা উন্নত হচ্ছে।
প্রসঙ্গত, গত ১০ বছরে ব্যাংক খাতের ১০টি বড় কেলেঙ্কারিতে লোপাট হয়েছে ২২ হাজার ৫০২ কোটি টাকা। এসব কেলেঙ্কারি ঘটেছে মূলত সরকারি ব্যাংকে।
সোনালী ব্যাংকের হল-মার্ক গ্রুপ দিয়ে শুরু হলেও সবচেয়ে বেশি কেলেঙ্কারি ঘটেছে জনতা ব্যাংকে। আরও রয়েছে বেসিক ও ফারমার্স ব্যাংকের অনিয়ম-দুর্নীতির ঘটনা। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গতকাল শনিবার এসব তথ্য প্রকাশ করেছে।
