
ফাতেহ ডেস্ক
ক্ষমতাসীন দলই ভুয়া ব্যালট ছাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন। এদিকে রাজধানীতে দিনভর গণসংযোগ করেন বিএনপির প্রার্থীরা।
নির্বাচন উপলক্ষ্যে দুপুরে পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন বিএনপির সিনিয়র নেতারা।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে, প্রধানমন্ত্রীর দেয়া এ বক্তব্য নাকচ করে মহাসচিব অভিযোগ করেন, ক্ষমতাসীন দলই ব্যালট ছাপাচ্ছে। জনগনকে বিভ্রান্ত করতেই এ ধরনের বক্তব্য দেয়া হচ্ছে।
এদিকে সকালে নির্বাচন পরিস্থিতি নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনি প্রচারে বাধা দেয়ার অভিযোগ করেন তিনি।
এদিকে সকালে রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারে নামেন ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী শামিম আরা বেগম। এসময় নেতাকর্মীদেরকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলেও অভিযোগ বিএনপি প্রার্থীদের।
