একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

ফাতেহ ডেস্ক 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার  (৮ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার সমালোচনা করলেও নির্বাচনি ট্রেন কোনোভাবেই মিস করতে চায় না দলটি। এদিন রাতে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত স্থায়ী কমিটির সক্রিয় সদস্যদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১০ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিতব্য বৈঠকে স্থায়ী কমিটি নির্বাচনি পরিকল্পনা তৈরি করবে। বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী কয়েকজন সদস্যের সূত্রে এই তথ্য জানা গেছে।

স্থায়ী কমিটির একাধিক সদস্য নির্বাচনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও নিজেরা উদ্ধৃত হতে চাননি। প্রত্যেকের ভাষ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বয়কট করলেও একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে থাকবে বিএনপি। এক্ষেত্রে শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দিনব্যাপী আলোচনা করে দলের নির্বাচনি পরিকল্পনা, ইশতেহার ও দায়িত্ব বণ্টনের বিষয়টি চূড়ান্ত করবেন নীতি-নির্ধারকরা।

স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরের নির্বাচনের জন্যই প্রস্তুতি নেবে বিএনপি। একইসঙ্গে এ সিদ্ধান্ত চূড়ান্তভাবে ঘোষণার আগে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে এর সম্ভাব্য কৌশল, পরবর্তী নীতি নির্ধারণ করবে বিএনপি। এক্ষেত্রে ফ্রন্টের নেতাদের অভিমত অনুযায়ী নির্বাচনি কৌশল ঠিক করবে দলটি।

সূত্র জানায়, চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। সেক্ষেত্রে নির্বাচনের সময়ে দলীয় মনোনয়ন ফরম কার সইয়ে নির্বাচন কমিশনে যাবে, এরও একটি পন্থা বের করা হচ্ছে। শনিবারের বৈঠকে এ বিষয়টি স্পষ্ট হবে বলে জানান স্থায়ী কমিটির একাধিক সদস্য।

আগের সংবাদনির্বাচন ২৩ ডিসেম্বর
পরবর্তি সংবাদকামাল যাচ্ছেন না রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশে