আত্মতুষ্টিতে ভুগলে পতন অনিবার্য: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক: আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, এমন আত্মতুষ্টিতে না ভুগে প্রতিপক্ষের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সকালে গণভবনে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবলে চলবে না।

টানা দশদিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি সকাল ৯টার পর পর অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায় দলের নেতা-কর্মীরা।

প্রধানমন্ত্রীর মোটর শোভাযাত্রা গণভবনে পৌঁছলে, তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে, জানিয়ে, শেখ হাসিনা বলেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা যে সম্মান দিয়েছেন, তা তাঁর নয় বরং দেশের সম্মান। কথা বলেন একাদশ সংসদ নির্বাচনের বিষয়েও।

প্রধানমন্ত্রী বলেন, তিন তিনবার ক্ষমতায় থেকে দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনার জন্যই দেশ আজ আর্থ সামাজিকভাবে অনেক এগিয়ে গেছে।

রোহিঙ্গা সংকট সমাধানে প্রাপ্য স্বীকৃতি দেশের মানুষের প্রতি উৎসর্গ করেন শেখ হাসিনা। এসময় ৭২তম জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে আবারো ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতারা।

আগের সংবাদদুই মামলায় খালেদার জামিন বহাল
পরবর্তি সংবাদঅভিযানের পরেও চলছে ভেজাল খাদ্য উৎপাদন