
ফাতেহ ডেস্ক : পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সব ক্লাস–পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধিদের একজন মুশতারী সুলতানা অধ্যক্ষের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
অন্যদিকে এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনাকারী হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার শিফট ইনচার্জ জিনাত আক্তার ও শ্রেণী শিক্ষক হাসনা হেনাকে দোষী সাব্যস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী ম্যানেজিং কমিটিকে তাদের বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। তিনি বলেন, বরখাস্তের নির্দেশের পাশাপাশি বিভাগীয় মামলাসহ সকল আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। ওই তিন শিক্ষকের এমপিও বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
এর আগে গত সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রি অধিকারীর। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থানায় ‘আত্মহত্যার প্ররোচনাকারী’ হিসেবে তিনজনের বিরুদ্ধে মামলা করেন অরিত্রির বাবা।
