
ফাতেহ ডেস্ক: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দুই সিটি নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বরিশালে বিএনপির হয়ে সিটি নির্বাচনে লড়বেন এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এবং রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল। তাদেরকে সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি।
রোববার বিকেলে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের এই প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। নাম ঘোষণার আগে দলের স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনুষ্ঠিত হতে যাওয়া ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষ থেকে দুটি সিটির প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে সোমবার অপর সিটিতে বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করবেন।
এর দুদিন আগেই শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে গণভবনে ৩ সিটিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
আগামী ৩০ জুলাই বরিশাল, সিলেট ও রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারন করা হয় ২৮ জুন। জমা পড়া মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ ও ২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন ৯ জুলাই।
বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামাল। এবারও তিনি দল থেকে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দলীয় হাই-কামন্ড থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা কর্মীরাও কামালের প্রতি বিরাগভাজন। বিগত দিনে দলের আন্দোলন সংগ্রামসহ অনান্য কাজেও তার কোন সংশ্লিস্টাতা ছিলো না। তার বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের অনেক অভিযোগ অনুযোগ রয়েছে। এমনকি মেয়র হিসেবেও স্থানীয়দের কাছে জনপ্রিয় নন কামাল। নানা বিতর্কে জড়িয়ে পরা কামালকে এবার মনোনয়ন দেয়নি দল।
কামালের বদলে দল থেকে প্রার্থী করা হয় দক্ষিণাঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের মজিবর রহমান সরোয়ারকে। আওয়ামী লীগ প্রার্থী হাসানত পুত্র সাদিক আবদুল্লাহর সাথে ভোট যুদ্ধে নামতে সরোয়ারকেই একমাত্র যোগ্য শক্ত প্রার্থী মনে করছে দল। মজিবর রহমান সরোয়ার এর আগেও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে রাজশাহীতে বিএনপির প্রার্থী করা হয়েছে মোসাদ্দেক হোসেন বুলবুলকে। ২০১৩ সালে বুলবুল বিএনপির প্রার্থী হয়ে হারিয়েছিলেন এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে। এবারও সেই একই লড়াই। লিটন বুলবুল। আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে খায়রুজ্জামান লিটনকে।
