
ফাতেহ ডেস্ক : চিনে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ৩১টি গাড়িতে ধাক্কা দিলে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, শনিবার রাতে চিনের উত্তরাঞ্চলীয় একটি এক্সপ্রেসওয়ের টোল বুথে এই হতাহতের ঘটনা ঘটেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির লানঝৌ শহরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকারীরা গাড়ির ভেতর আটকে পড়া সব যাত্রীকে টেনে বের করেছেন এবং ভয়াবহ এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মধ্যাঞ্চলীয় চিনে আরেকটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। তারা বলছেন, শনিবার হানঝং শহরে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাফিকের ভেতর ঢুকে গেলে এই হতাহতের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ওই বাসের চালককে আটক করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভিন্ন আরেক দুর্ঘটনায় মধ্যাঞ্চলীয় চিনে একটি কারখানায় বিস্ফোরণে আটজন নিহত এবং একজন আহত হয়েছেন।
তাই শনিবার দেশটিতে এই তিন দুর্ঘটনায় সব মিলিয়ে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন।
