মার্চে ঢাকা উত্তর সিটির ভোটের ইঙ্গিত সিইসির

ফাতেহ ডেস্ক

আগামী মার্চ মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনের ভোটগ্রহণের ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে বসতে হবে। আমরা তাড়াতাড়ি এ নির্বাচন করে ফেলব।’

বুধবার বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এমন ইঙ্গিত দেন সিইস। এর আগে দুপুরে ডিএনসিসির বন্ধ নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা তুলে দেন সুপ্রিম কোর্ট।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘মার্চে শুরু হওয়া উপজেলা পরিষদের মাঝেই এ নির্বাচন করা হবে। তবে এ বিষয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নিতে হবে। এখানে পুনঃতফসিল করা হবে। বসতে হবে সবার সঙ্গে। নির্বাচন তাড়াতাড়ি করে ফেলব। উপজেলা নির্বাচন এর ওপর প্রভাব ফেলবে না। এর মাঝেই করে ফেলব।’

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল দিয়ে মার্চের প্রথম থেকে পাঁচ ধাপে উপজেলা নির্বাচন করা হবে বলে এর আগে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন।

আগের সংবাদমুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ থাকা উচিত : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদএবার টিআইবির প্রতিবেদন প্রত্যাখান করলেন সিইসি