
ফাতেহ২৪ ডেস্ক
কুমিল্লা মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সামগ্রিক পরিস্থিতি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন আলেম, সুধী ও সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আবদুল কাদের জামাল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ বিন হাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক সাইফ উদ্দীন আহমদ খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান এবং মহানগর সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম।
এ ছাড়া সমাবেশে মহানগর সহ-সভাপতি মাওলানা আমির হামজা, কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের সিনিয়র ট্রেইনার মাওলানা নোমান আলমগীর, মহানগর সহ-সভাপতি ডা. আ ন ম আওরঙ্গজেব সেলিম, হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা মুফতি সামছুল ইসলাম জিলানীসহ বিভিন্ন পর্যায়ের উলামা, সুধী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান
সমাবেশে বক্তারা বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং গণসম্পৃক্ততা বাড়ানো জরুরি। ইসলামী মূল্যবোধের আলোকে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় আলেম, সুধী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন। একই সঙ্গে মানুষের নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
দেশের পরিস্থিতি ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা
সমাবেশে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণ এবং খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন উপস্থিত নেতারা।
