তীব্র দাবদাহের কবলে অস্ট্রেলিয়া

ফাতেহ ডেস্ক

রেকর্ড গড়া দাবদাহের কবলে পড়েছে অস্ট্রেলিয়া। এরইমধ্যে গড় তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে, শুক্রবার তা ৪২ ছাড়াতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ায় এ পর্যন্ত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তীব্র দাবদাহে পুড়ছে অস্ট্রেলিয়া। দেশটিতে এযাবতকালের সবচেয়ে ঊষ্ণ ১০ দিনের ৫ দিনই পার হলো এ সপ্তাহে।

সবচেয়ে বেশি গরম পড়েছে নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া এবং উত্তরাঞ্চলের এলাকাগুলোতে। নিউ সাউথ ওয়েলসের নুনা শহরে রাতের বেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ৩৫.৯ সেলসিয়াসে পৌঁছে রেকর্ড গড়েছে।

গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকেই। বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেয়া হয়েছে।

প্রচণ্ড গরমে মারা যাচ্ছে পশু-পাখি, নদীর পানির তাপমাত্রা বাড়ায় মরে ভেসে উঠছে মাছ। কড়া রোদে ক্ষতি হচ্ছে ফসলেরও। এদিকে, ভিক্টোরিয়া, তাসমানিয়া ও নিউ সাউথ ওয়েলসের কয়েক জায়গায় ছড়িয়ে পড়েছে দাবানল।

বর্তমান পরিস্থিতিকে অস্ট্রেলিয়ায় ২০১৩ সালের দাবদাহের সাথে তুলনা করা হচ্ছে। সেবছর ৭ই জানুয়ারিতে দেশটির গড় তাপমাত্রা ৪০.৩ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে রেকর্ড গড়ে।

আগের সংবাদআমার একার নয়, এ বিজয় জনগণের : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদভোলায় দুর্বৃত্তের আগুনে পুড়ে শিশুসহ নিহত ২