
ফাতেহ ডেস্ক
মেঘনায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২০ শ্রমিক নিখোঁজ রয়েছেন। বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী কালিপুরা এলাকার মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বরাতে গজারিয়া থানার ওসি হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলটি চাঁদপুরের মতলব উপজেলা ও মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলার সীমান্তবর্তী কালিয়াপুর এলাকার মেঘনা নদীতে।
কুমিল্লার দাউদকান্দি থেকে ট্রলারে মাটি নিয়ে নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় যাচ্ছিলেন ২৫-৩০ শ্রমিক। ভোররাত সাড়ে ৩টার দিকে ট্রলারটি কালিয়াপুর নামক স্থানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার তাদের ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে থাকা শ্রমিকদের মধ্যে পাঁচজন সাঁতারে প্রাণে বাঁচলেও এখনও ২০ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ২০ জনের মধ্যে ১৮ জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মুণ্ডুমালা গ্রামের গোলাই প্রামাণিকের ছেলে সোলেমান হোসেন, জব্বার ফকিরের ছেলে আলিফ হোসেন ও মোস্তফা ফকির, গোলবার হোসেনের ছেলে নাজমুল হোসেন-১, আব্দুল মজিদের ছেলে জাহিদ হোসেন, নূর ইসলামের ছেলে মানিক হোসেন।
ছায়দার আলীর ছেলে তুহিন হোসেন, আলতাব হোসেনের ছেলে নাজমুল হোসেন-২, লয়ান ফকিরের ছেলে রফিকুল ইসলাম, দাসমরিচ গ্রামের মোশারফ হোসেনের ছেলে ওমর আলী ও মান্নাফ আলী।
